খুলনায় স্ত্রী হত্যার দায়ে মো. রফিক শেখ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মরদেহ গুমের চেষ্টা করায় দণ্ডবিধির ২০১ ধারা অনুযায়ী তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন। রফিক শেখ খুলনার রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত জাবেদ শেখের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, গত বছরের ১২ আগস্ট রফিকের স্ত্রী মরিয়ম বেগম নিখোঁজ হন। ১৫ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা দীপক দাস পান বরজের গর্তে একটি মরদেহ দেখতে পান। পরে মরদেহ শনাক্তের পর ১৬ আগস্ট মরিয়মের মা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রফিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।