ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ অক্টোবরের এ আয়োজনে ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উৎসবমুখর পরিবেশে এদিন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে ইউআইইউ পরিবারে স্বাগত জানানো হয়।
নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস ড. এম রিজওয়ান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাডভাইজার প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ, স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আব্দুল মজিদ এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল।
প্রফেসর এমিরিটাস ড. এম রিজওয়ান খান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য ইংরেজি ও গণিতের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা এবং সমাধানের সক্ষমতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি, শৃঙ্খলা এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ এবং একাডেমিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি










