জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুইটি সদস্য পদের মধ্যে একটি চার মাস ও আরেকটি দুই মাস ধরে খালি রয়েছে। আগামী ২ মার্চ থেকে আরো একটি সদস্য পদ খালি হবে।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এরমধ্যে সদস্য (কর জরীপ ও পরিদর্শন) এম এম ফজলুল হক গত ২০ ডিসেম্বর অবসরে গেছেন। ওই দিন থেকে এ পদটি খালি রয়েছে। সদস্য (বোর্ড এডমিন) পদটিও খালি রয়েছে।
এ দপ্তরে গত ৭ নভেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। আর আগামী ২ মার্চ সদস্য (আন্তর্জাতিক কর) জাহাঙ্গীর আলম অবসরে যাবেন। ওই দিনের পর এ পদটিও খালি হচ্ছে।
এনবিআরের কাস্টমস বিভাগ সূত্রে আরো জানা গেছে, কাস্টমসের ৮টি সদস্য পদের মধ্যে একটি সদস্য পদ ৪-৫ মাস ধরে শূন্য। ৮ সদস্যের মধ্যে ৭জন চলতি দায়িত্ব পালন করছেন। অর্থাৎ, ৭জন কর্মকর্তার কেউ ২ বছরের বেশী সময় ধরে, কেউ ১ বছরের বেশী সময় ধরে, আবার কেউ ৪-৫ মাসের বেশী সময় ধরে চলতি দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদটি গ্রেড-১ ধারী হলেও সেখানে একজন গ্রেড-৩ এর কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সকল মেম্বার কমিশনার পদের তথা গ্রেড-৩ পদ মর্যাদার।









