কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১২ মার্চ) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় আরো বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ নির্ধারণ করল।

সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

এর আগে গত ৩০ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি আর কোম্পানির রিটার্ন জমার তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছিল।