শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে আয়োজিত হতে যাচ্ছে ব্র্যাক কুমন অ্যাডভান্সড স্টুডেন্ট অনার রোল (এএসএইচআর)। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবারের অনুষ্ঠানের ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) পূর্বাচল ক্লাবে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে থাকবে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি, সায়েন্টিফিক শো-কেস ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের জন্য এটি যেমন উপভোগ্য হবে, তেমনি শিক্ষণীয়ও হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ব্র্যাক কুমন শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি প্রদান। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত থাকবেন ব্র্যাক কুমনের পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আইপিডিসি ফাইন্যান্স সবসময়ই তরুণদের ক্ষমতায়ন ও শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। সে ধারাবাহিকতায় ব্র্যাক কুমন এএসএইচআর প্রোগ্রামের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে একাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতি ও আমাদের ভবিষ্যৎ নেতা তৈরির প্রচেষ্টা প্রতিফলিত হবে বলে বিশ্বাস করি।

এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষা, উদ্ভাবন ও অর্জনগুলোকে যথাযথভাবে তুলে ধরা, যা তরুণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ব্র্যাক কুমন ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসির প্রচেষ্টাকে আরো এগিয়ে নেবে।

—বিজ্ঞপ্তি