ইউনিয়ন ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ আগস্ট বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করেছে ব্যাংকটির পর্ষদ। সভার পরবর্তী তারিখ ও সময় পরে জানাবে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয়ের সময় ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। এ বিষয়ে ১২ আগস্ট ব্যাংকটির এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার কথা ছিল।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইউনিয়ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৪ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৬ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপাশি করেছে ব্যাংকটির পর্ষদ।  আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৩ পয়সায়। 

ব্যাংকটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে এ প্লাস ও স্বল্পমেয়াদে এসটি-২। ব্যাংকটির ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণ গত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। 

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৬ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৪১ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮। এর মধ্যে ৫৬ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬ টাকা ৩০ ও ৯ টাকা ৩০ পয়সা।