পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা কমেছে ৩৮ দশমিক ৪৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৩ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এশিয়া ইন্স্যুরেন্স। ২০২২ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এশিয়া ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৫৭ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা।