পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৮ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ১৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬৩ পয়সায়। 

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।