দক্ষিণ ভারতের কর্ণাটকের কুর্গে কফি বাগান ও বনভূমির মধ্যে গড়ে উঠেছে বিলাসবহুল অবকাশ কেন্দ্র দ্য লীলা কুর্গ ফরেস্ট স্যাংচুয়ারি। ৩০ হেক্টরজুড়ে বিস্তৃত এ রিসোর্টে রয়েছে বড় আকারের ভিলা, ব্যক্তিগত সুইমিংপুল, স্পা, যোগব্যায়াম, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর নানা সুযোগ। শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতিনির্ভর অবকাশযাপনের অভিজ্ঞতা দেয়াই এর মূল আকর্ষণ।

কুর্গ স্থানীয়ভাবে কোডাগু নামে পরিচিত। এটি ভারতের অন্যতম পরিচিত কফি উৎপাদন এলাকা। পাহাড়, বন, ঝরনা ও কফিবাগানের জন্য অঞ্চলটি পর্যটকদের কাছে জনপ্রিয়। দ্য লীলা কুর্গও এ প্রাকৃতিক পরিবেশকে রিসোর্টের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরে রেখেছে।

৩০ হেক্টরের জায়গাটি আগে একটি কফি বাগান ছিল। এখনো সেখানে রোবাস্তা ও অ্যারাবিকা কফি গাছ রয়েছে। আছে গোলমরিচের লতা, ডুমুর গাছ ও উঁচু সিলভার ওক। বিভিন্ন প্রজাতির পাখিও দেখা যায়। এর মধ্যে রয়েছে মালাবার প্যারাকিট ও বারবেট। কখনো কখনো মালাবার জায়ান্ট ফ্লাইং স্কুইরেলও দেখা যায়।

রিসোর্টটি দ্য লীলা প্যালেসেস, হোটেলস অ্যান্ড রিসোর্টসের নতুন আয়োজন। প্রতিষ্ঠানটির ৪০ বছর পূর্তি উপলক্ষে এটি চালু হয়েছে সম্প্রতি। সাধারণত বিলাসবহুল রিসোর্ট ও প্রাসাদ ধাঁচের হোটেলের জন্য পরিচিত প্রতিষ্ঠানটি কুর্গে প্রকৃতি ও সুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছে।

রিসোর্টে যাওয়ার পথও বেশ আকর্ষণীয়। বেঙ্গালুরু থেকে অতিথিদের গাড়িতে করে কুর্গে নেয়া হয়। শহর থেকে দূরে এগোতে থাকলে রাস্তা ধীরে ধীরে পাহাড়ি এলাকায় উঠে যায়। বাতাস ঠাণ্ডা হতে থাকে। চারপাশের সবুজ আরো ঘন হয়ে আসে। অনেক সময় উপত্যকার ওপর কুয়াশাও দেখা যায়।

রিসোর্টে পৌঁছার পর অতিথিদের ঐতিহ্যগতভাবে স্বাগত জানানো হয়। দেয়া হয় কফিবিন ও এলাচের তৈরি মালা।

রিসোর্টের সব থাকার ব্যবস্থা ভিলাভিত্তিক। ভিলার আয়তন ৮০ বর্গমিটার থেকে শুরু করে প্রেসিডেনশিয়াল ভিলায় ৯৩০ বর্গমিটার পর্যন্ত। ফরেস্টলাইট লাক্সারি ভিলার আয়তন ৩০০ বর্গমিটার। এতে রয়েছে খোলা বারান্দা, বাইরে খাবার খাওয়ার জায়গা, কফি মেশিন, ব্যক্তিগত ইনফিনিটি পুল, গরম পানির পুল ও হট টাব। রয়েছে দুটি ম্যাসাজ টেবিল ও একটি হ্যামকও। ভেতরে রয়েছে কিং সাইজের বিছানা, ইনডোর ও আউটডোর শাওয়ার ও আলাদা ড্রেসিং এলাকা।

প্রকৃতির মধ্যে থেকেও অতিথিদের বিনোদনের সুযোগ কম নয়। রিসোর্টের লেকে কায়াকিং করা যায়। রয়েছে মাছ ধরার ব্যবস্থা। আছে গরু, ছাগল, ঘোড়া, খরগোশ, টার্কি ও এমু নিয়ে পেটিং জোন।

রিসোর্টটির ভিলা ভাড়া শুরু ৫৮০ ডলার থেকে। এর সঙ্গে ১৮ শতাংশ কর অন্তর্ভুক্ত। —খবর ও ছবি দ্য ন্যাশনাল