শিক্ষার্থীদের সহজ ও নিরাপদ ফি পরিশোধ সেবা দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এ পার্টনারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও কার্যকর পেমেন্ট ব্যবস্থা উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের প্রযুক্তিগত একীভূতকরণের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকরা ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১০০টিরও বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে সহজেই ফি জমা দিতে পারবেন। এছাড়া ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ ও অনলাইন পেমেন্ট গেটওয়ে যুক্ত হওয়ায় ফি পরিশোধ আরো দ্রুত ও সুবিধাজনক হবে।
ঢাকায় এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব ব্রাঞ্চ ডিজিটাল ট্রান্সফরমেশন আলী তালুকদার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফাইন্যান্স কন্ট্রোলার তৌহিদুল ইসলাম, এফসিএ ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংকের ইনস্টিটিউশনাল পেমেন্ট প্লাটফর্ম কর্পনেট, স্মল বিজনেস ও রিটেইল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘আস্থা’ একত্রিত করে ফি সংগ্রহ ব্যবস্থা আরো উন্নত করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সহজ করার পাশাপাশি পেমেন্ট প্রক্রিয়াকে আরো দক্ষ ও প্রযুক্তিনির্ভর করবে।
শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার (ইএমএস) ব্যবহার না করা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্যও ব্র্যাক ব্যাংক কাস্টমাইজড পেমেন্ট সলিউশন প্রদান করবে। এর ফলে তারা নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজিটাল পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। —বিজ্ঞপ্তি









