বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ব্যবসায়ীরা যে অবস্থার মধ্যে ছিল এখন অন্তর্বর্তী সরকারের সময়ে তার চেয়ে অনেক বেশি স্বস্তিতে আছেন। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন চৌধুরী।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে গতকাল ‘তপন চৌধুরী কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ্ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

তপন চৌধুরী বলেন, ‘আমরা আসলেই খুব কমফোর্ট ফিল করছি। একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারি অফিসগুলোয়ও আমরা বড় ধরনের পরিবর্তন লক্ষ করছি। আগে সেখানে কথাই বলা যেত না, প্রশ্ন করা যেত না। এনবিআরের বর্তমান চেয়ারম্যানও খুব পজিটিভ। স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। একই অবস্থা বাণিজ্য মন্ত্রণালয়েও, আমরা আশাবাদী।’

অন্তর্বর্তী সরকারে ব্যবসায়ী প্রতিনিধি না থাকাসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা আছেন তারা ব্যবসা-বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ। এত এক্সপার্ট লোকজন থাকার পরও সরাসরি ব্যবসায়ী থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি না। এখন কাজ হচ্ছে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত আলোচনা হওয়া।

স্কয়ার গ্রুপের সিইও আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি অব্যাহত থাকলেই সবকিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।’

তৈ‌রি পোশাক খাত চ্যালেঞ্জের মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, ‘দেশের তৈ‌রি পোশাক খাতে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এ কারণে অনেক বিদেশী ক্রেতা চলে যাচ্ছেন। পোশাক খাত অস্থিতিশীল করার পেছনে অনেক ক্ষেত্রে দেশের বাইরের ইন্ধন থাকে। কিন্তু আমরা দেখতে পাই দেশে কিছু হলেই রাজনৈতিকভাবে পোশাক খাতকে ব্যবহার করা হয়। এর ফলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। দেশের স্বার্থে এ অবস্থা থেকে বের হতে হবে। কারণ এখানে প্রায় ৪৫ লাখ শ্রমিক সরাসরি কাজ করছেন, যাদের বেশির ভাগই নারী।’

এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, ‘দেশের তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতার কারণে বেশকিছু ক্রেতা শ্রীলংকায় চলে যাচ্ছেন, যারা আগে শ্রীলংকাতেই ছিলেন। তাদের (শ্রীলংকা) অস্থিতিশীল অবস্থার কারণে আমাদের দেশে ওই ক্রেতারা এসেছিলেন। এখন আমাদের অবস্থা অস্থিতিশীল হওয়ায় তারা আবারো ওখানে চলে যাচ্ছেন। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। আশা করছি খুব শিগগির স্থিতিশীল হবে সবকিছু।’

দ্রুত নির্বাচনী রূপরেখার দাবি জানিয়ে এ ব্যবসায়ী বলেন, ‘দেশ চালাবে মূলত রাজনৈতিক দলগুলো। তাদের (অন্তর্বর্তী সরকার) কাছে আমাদের প্রত্যাশা দ্রুত একটা নির্বাচনী রূপরেখা দেশবাসীকে জানাবেন।’