পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ব্যাংক তিনটি হলো রূপালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

রূপালী ব্যাংক: ব্যাংকটির এজিএম গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এজিএম স্থগিত করা হয়েছে। একই দিন কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম ও ইজিএমের নতুন সময়সূচি পরে জানিয়ে দেবে ব্যাংকটি। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। সে হিসাবে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৮ দশমিক ৯৯ শতাংশ।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

সাউথইস্ট ব্যাংক: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১২ আগস্ট এজিএম আহ্বান করেছিল ব্যাংকটি। অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করেছে ব্যাংকটি। এজিএমের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের ইপিএস হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৬ পয়সায়।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির এজিএম আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল সভাটি স্থগিত করা হয়েছে। সভায় ২০২৩ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার কথা ছিল। নতুন এজিএমের তারিখ পরে জানাবে ব্যাংকটি। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সায়। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ।