শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি)। তিনি এ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
বুধবার (১২ মার্চ) এক শোকবার্তায় এমটিবি জানায়, দেশের বাণিজ্য খাতের গুরুত্বপূর্ণ পথিকৃৎ ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী। নেতৃত্ব, সততা ও অদম্য নিষ্ঠার মাধ্যমে তিনি দেশের করপোরেট খাতের বিকাশে অসাধারণ অবদান রেখেছেন। তার অসাধারণ পেশাদারিত্ব তাকে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার বিরল সম্মান এনে দেয়।
এমটিবি তার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তার স্মৃতি, আদর্শ ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি। আগামীকাল
বৃহস্পতিবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
—বিজ্ঞপ্তি










