সোনারগাঁও ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০ নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হয়ে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির অনারেবল অ্যাডভাইজার আজিজুল বারী (শিপু)। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মো. একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. হাবিবুর রহমান কামালসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি, অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির সুযোগ-সুবিধা, অ্যাকাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। ইউনিভার্সিটি প্রশাসন নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। —বিজ্ঞপ্তি