আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ২২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ২ হাজার ৫৪৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় তিনি গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন পদক ও সম্মাননা দেয়া হয়। এর মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন ৩ জন, সুম্মা কাম লাউড (স্বর্ণ) পেয়েছেন ৭৯ জন, ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক পেয়েছেন ২০ জন, ম্যাগনা কাম লাউড (রৌপ্য) পেয়েছেন ১২৮ জন, ভাইস চ্যান্সেলর পদক পেয়েছেন ২৩ জন এবং কাম লাউড (ব্রোঞ্জ) পেয়েছেন ৩৯ জন।

সমাবর্তনে বক্তৃতায় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা ছাড়া অর্থ উপার্জন সম্ভব, তবে শিক্ষা থাকলে তা কেউ কেড়ে নিতে পারে না। গ্র্যাজুয়েটদের নিজেদের পরিবার, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষায় আলোকিত মানুষই ভালো-মন্দের বিচার করতে পারে। নতুন গ্র্যাজুয়েটদের এ জ্ঞানকে কাজে লাগাতে হবে।

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, বিশ্ববিদ্যালয় কখনো প্রাইভেট হয় না, এটি সমাজের সম্পদ। শিক্ষার্থীদের উচিত ন্যায় ও মুক্তির পথে সমাজকে এগিয়ে নেয়ার জন্য কাজ করা।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া অনোয়ার নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, এখানেই শেষ নয়, এটি কেবল শুরু। এআইইউবি সবসময় তোমাদের পাশে থাকবে, তোমাদের সাফল্য উদযাপন করবে।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আজ শুধু সাফল্য উদযাপন নয়, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা। আমরা তোমাদের নিয়ে গর্বিত।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপস্থিতি এ অনুষ্ঠানকে সম্মানিত করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল আবেদীন হাসান, ইশতিয়াক আবেদীন, ট্রাস্টি বোর্ডের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, ইউজিসির কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা। —বিজ্ঞপ্তি