অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভা শেষে অ্যাটকোর নির্বাচনে সদস্যদের ভোটে ১৫ সদস্যের পরিচালক কমিটি নির্বাচিত হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমদ ইকবাল হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন- অঞ্জন চৌধুরী, মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলাভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মো. জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মলিন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মো. হাসান (সময় টিভি) এবং সাফওয়ান সোবহান (টি স্পোর্টস)।

পরে পরিচালক কমিটির ভোটে সহসভাপতি পদে ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান শুধু সভাপতি পদে নির্বাচনের জন্য নতুন তারিখের ঘোষণা দেন, যা পরে নির্ধারণ করা হবে।

পরর্বতী নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী দায়িত্বে বহাল থাকবেন। —বিজ্ঞপ্তি