পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানিটির কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গত জুনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়া হয়েছিল।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্রেইন স্টেশন ২৩ পিএলসির ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটি সামগ্রী ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

গত বছরের জুলাই-সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৮ পয়সায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।