প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক অধ্যাপক ড. নিয়াজ জামান এ বছর একুশে পদক পেয়েছেন। তিনি বর্তমানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে একুশে পদক তুলে দেন।
একুশে পদক বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা ১৯৭৬ সাল থেকে ভাষা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়।
অধ্যাপক নিয়াজ জামান ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ১৯৮৭ সালে পিএইচডি সম্পন্ন করেন।
তার শিক্ষকতা জীবন শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল ও হলি ক্রস কলেজে। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করেন এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগ দেন। সেখানে ২০১৩ সালে অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি অধ্যাপনা করেন। ২০০৬ সাল থেকে তিনি আইইউবির ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক নিয়াজ জামান শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও গবেষণাতেও বিশেষ অবদান রেখেছেন। তিনি তিনটি উপন্যাস, তিনটি ছোটগল্পের সংকলন ও সাতটি শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। তার গুরুত্বপূর্ণ গবেষণা ‘আ ডিভাইডেড লিগ্যাসি: দ্য পার্টিশান ইন সিলেক্টেড নভেলস অব ইন্ডিয়া, পাকিস্তান, অ্যান্ড বাংলাদেশ’ বইটি ন্যাশনাল আর্কাইভস অ্যাওয়ার্ড ও আতোয়ার হুসেন পুরস্কার লাভ করে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প নিয়েও তার গবেষণা প্রশংসিত হয়েছে। তার লেখা ‘দ্য আর্ট অব কাঁথা এমব্রয়ডারি’ ও ‘টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: আ শেয়ার্ড লিগ্যাসি’ বইগুলো বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরেছে।
তিনি কাজী নজরুল ইসলামের ‘বাঁধন হারা’ ইংরেজিতে অনুবাদ করেছেন। এছাড়া ‘১৯৭১ অ্যান্ড আফটার: সিলেক্টেড স্টোরিস’ ও ‘দ্য ডিমনেস: বেস্ট বাংলাদেশি স্টোরিস ১৯৭১-২০২১’—সহ বিভিন্ন সংকলনের সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি অনুবাদ পুরস্কার (২০১৬), অনন্যা সাহিত্য পুরস্কার (২০১৩) ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এডুকেশন অ্যাওয়ার্ড (২০১৭)—সহ নানা সম্মাননা।
একুশে পদক অর্জনের মাধ্যমে অধ্যাপক ড. নিয়াজ জামান বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তার অবদানকে আরো সুপ্রতিষ্ঠিত করলেন। তার গবেষণা ও লেখালেখি বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। —বিজ্ঞপ্তি









