টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার আগামী রবি ও সোমবার স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের শেয়ারও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে মঙ্গলবার রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গ্রামীণফোনের পর্ষদ চলতি ২০২৪ হিসাব বছরে ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ অনুমোদন করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে হয়েছিল ১৪ টাকা ৬২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ টাকা ৩৪ পয়সা।










