ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রশংসা করে বলেন, এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন এবং বিভাগের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, ইইই বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটরসহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী নুরুজ্জামান ফারুকি এবং প্রকৌশলী জিয়াদ তানজিম নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন প্রকৌশলী নাফিস রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান সানি এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সামিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাফিনা সিদ্দিকা সিল্কি এবং প্রকৌশলী মো. শাহিদুল হাসান শাওন।
বিশ্বজুড়ে আইইউবিএটির ইইই বিভাগের অনেক গ্র্যাজুয়েট পেশাগত জীবনে সফলভাবে কাজ করছেন। এদের মধ্যে একজন প্রকৌশলী জয়দাশ গুপ্ত, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত। তিনি ভিডিও বার্তায় নতুন কমিটির জন্য শুভেচ্ছা জানান এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এটি অংশগ্রহণকারীদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে রয়ে যাবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে তাদের পেশাগত উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করবে। নতুন কমিটির উদ্যোগে বিভাগের সুনাম আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯১ সালে অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে আইইউবিএটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদের অধীনে ১৪টি প্রোগ্রাম চালু রয়েছে। এখানে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছেন। —বিজ্ঞপ্তি










