হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টারত দুটি জ্বালানি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এছাড়া যুক্তরাষ্ট্রের দুটি লুকাস ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছে সংস্থাটি। খবর আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত রাতে প্রণালির দক্ষিণ দিকের পথ দিয়ে চলাচলের সময় একটি বড় জ্বালানি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এসময় জলযানটিতে আগুন ধরে যায়।

এছাড়া জলপথটির পূর্বাংশ দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় একটি সুপারট্যাংকারে আগুন লাগে। আগুন নেভাতে সেখানে পাঠানো একটি টাগবোটেও পরে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরো বলা হয়, আইআরজিসির নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট যুক্তরাষ্ট্রের দুটি অনুপ্রবেশকারী লুকাস ড্রোনের নিয়ন্ত্রণ নেয়। পরে ড্রোন দুটিকে নিরাপদে অবতরণ করিয়ে অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে নেয় তারা।

আইআরজিসি আরো বলছে, যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে মাইন পাতা নৌপথ দিয়ে চলাচলে বাধ্য করছে। এতে মার্কিন করদাতা ও আঞ্চলিক মিত্রদের বড় ধরনের আর্থিক ও বিমা ব্যয়ের মুখে পড়তে হচ্ছে।