দেশের প্রথম শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) আয়োজন করেছে ‘ভিওবি উইক’-এর ১৪তম পর্ব। ১৯ ও ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ভিওবি উইকের অন্যতম আকর্ষণ ছিল ‘জব ফেয়ার’ যা অনুষ্ঠিত হয় গত ১৯ ফেব্রুয়ারি। এ আয়োজনে দেশী ও বহুজাতিক মিলিয়ে ১৫টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আরলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইএলডিসি। এ আয়োজনের গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

২০ ফেব্রুয়ারি প্রকাশিত হয় ‘ভয়েস অব বিজনেস’ ম্যাগাজিনের ১৪তম সংস্করণ। একই দিনে অনুষ্ঠিত হয় ‘ভিওবি রাইটিং কনটেস্ট ২৪’- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম। তিনি বলেন, ‘একাডেমিক জ্ঞান আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, তবে সহশিক্ষা কার্যক্রম আমাদের যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করে।’ এছাড়াও তিনি ভিওবি রাইটিং কনটেস্ট আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের জন্য উৎসাহিত করেন।

ভয়েস অব বিজনেসের জেনারেল সেক্রেটারি নাইমা জিয়া এ প্রসঙ্গে বলেন, ‘এ ম্যাগাজিনটি শুধু একটি প্রকাশনা নয়; এটি আমাদের চিন্তা, মতামত ও সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরার একটি শক্তিশালী প্লাটফর্ম। প্রতিটি সংস্করণে আমরা নতুন ভাবনা, সৃজনশীলতা ও সমাজের নানা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করি। এটি আমাদের কমিউনিটির জন্য একটি অভিব্যক্তির মুক্ত ক্ষেত্র সৃষ্টি করে, যেখানে প্রত্যেকেই তাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। আমরা আশা করি, এ ঐতিহ্য ভবিষ্যতেও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

ভিওবি উইকের আরেকটি বিশেষ দিক ছিল ক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেয়া। নানান আকর্ষণীয় আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়, যা নবীনদের মাঝে উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগিয়েছে।

ভয়েস অব বিজনেস ২০০৭ সালে দেশের প্রথম শিক্ষার্থী-পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ক্লাবটি তাদের ম্যাগাজিনের ১৪টি সংস্করণ প্রকাশ করেছে। ভয়েস অব বিজনেস বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য BRANDrill, Writing Contest সহ বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকে।