সিটি ব্যাংক পিএলসির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৬৩৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৭৮ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৪ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে দ্য সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ২৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে দ্য সিটি ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ স্টক ও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ।










