পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি বীমা কোম্পানির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। কোম্পানি তিনটি হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

রূপালী লাইফ: কোম্পানিটির পর্ষদ সভা ৫ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক অনুমোদন করা হতো। অনিবার্য কারণবশত কোম্পানিটির সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৩১ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। 

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা গতকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

সর্বশেষ ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৯ পয়সায়। 

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১১ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২০ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স। 

প্রাইম ইসলামী লাইফ: কোম্পানিটির পর্ষদ সভা ৮ আগস্ট বেলা আড়াইটায় নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণবশত কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে প্রাইম ইসলামী লাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ৮০ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা বেশি হয়েছে। আগের বছরের একই সময়ে ৯৯ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা বেশি ব্যয় হয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।