সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে ৮৮। গত শনিবার (৫ অক্টোবর) সংগঠনটি কাজীরবাগে এক দিনের বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ২৫০০ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, সংক্রামক ও পানিবাহিত রোগ প্রতিরোধের পরামর্শ এবং শিশু, কিশোরী ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ সেবা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের চর্মরোগ, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ক্যাম্পের কার্যক্রমে ফেনী স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। ফেনী সদর উপজেলার স্বাস্থ্যকর্মীরা ও হৃদয়ে ৮৮ এর স্বেচ্ছাসেবকরা যৌথভাবে এ ক্যাম্প পরিচালনা করেছেন।

ক্যাম্পে নেতৃত্ব দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. ফোরকান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। ৩১ সদস্যের মেডিকেল টিম এবং হৃদয়ে ৮৮ এর অভিজ্ঞ চিকিৎসক দল মিলে ক্যাম্প পরিচালনা করে। উপস্থিত চিকিৎসকদের মধ্যে ডা. মাহফুজ, ডা. আরিফ, ডা. বাশার, ডা. মিমি, ডা. জেসমিনসহ আরো চিকিৎসকরা ছিলেন।

ডা. খান তৌহিদ পারভেজ (সাগর), প্রধান সমন্বয়ক, হৃদয়ে ৮৮ বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিতে পেরে গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

ক্যাম্পটির পৃষ্ঠপোষকতায় ছিল ইনসেপ্টা, বিকন, স্কয়ার, জিসকা, বেক্সিমকো, পপুলার ফার্মাসিটিক্যালস এবং মিডল্যান্ড ব্যাংক। হৃদয়ে ৮৮ বন্যাকবলিত এলাকায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবার পরিকল্পনা করছে এবং পুনর্বাসন কার্যক্রমেও অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।