বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ‘শৈল্পিক অভিজাত্য’ নামে এক ব্যতিক্রমী ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে নতুন রূপে তুলে ধরেছেন।

১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত এই প্রদর্শনীতে জামদানি, ট্রাইবাল ফ্যাব্রিকস, হ্যান্ডলুম টেক্সটাইলস ও গামছার মতো ঐতিহ্যবাহী পোশাক আধুনিক ফ্যাশনের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। গামছা-পাঙ্ক ফিউশন ডিজাইনে গামছার হস্তনির্মিত কাপড়কে নতুন রূপে দেখানো হয়েছে। এছাড়া সায়ানো ডাইয়ের ব্যবহার, টাই-ডাই ও বিডওয়ার্কের মাধ্যমে ডিজাইনে আধুনিকতা আনা হয়েছে।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য, আসক্তি, বডি পজিটিভিটি ও পরিবেশগত দিকগুলোর মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ও তুলে ধরেছেন। কিছু ডিজাইন ভিটিলিগো থিমে তৈরি করা হয়েছে, যা প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডকে চ্যালেঞ্জ করে। অন্য ডিজাইনগুলোতে মানসিক স্বাস্থ্য ও আসক্তির কথা তুলে ধরা হয়েছে। —বিজ্ঞপ্তি