দেশের পুঁজিবাজারে গত ফেব্রুয়ারি থেকেই নিম্নমুখিতা চলছিল। গত কয়েকদিনে পুঁজিবাজারে সূচকের দরপতন আরো তীব্র হয়ে ওঠে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৪২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২২৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩৩ পয়েন্ট বা ২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪৪ পয়েন্টে। গতকাল নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ প্রায় ৭৬ পয়েন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৫৯ পয়েন্টে।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা, কোহিনূর কেমিক্যালস ও খান ব্রাদার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের।

ডিএসইতে গতকাল ৭৫০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে প্রায় ২৬১ শতাংশ।

ডিএসইতে গতকাল মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩২৮টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল নয়টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৪ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ দশমিক ২ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাতের দখলে। আর ১১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া বস্ত্র খাতে ৮ দশমিক ৭ ও প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৬ দশমিক ৭ শতাংশ। গতকাল ডিএসইতে পাট বাদে সব খাতেই ইতিবাচক রিটার্ন ছিল। ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিকম, আর্থিক প্রতিষ্ঠান ও সিরামিক খাত। খাত তিনটিতে রিটার্ন এসেছে যথাক্রমে ৯ দশমিক ১, ৯ দশমিক ১ ও ৬ দশমিক ৯ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২৮৪ পয়েন্ট বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৯ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮ হাজার ৯৯৫ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৪৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৪ হাজার ৯২৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ১১টির বাজারদর। গতকাল সিএসইতে ৯ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩ কোটি ৩৩ লাখ টাকা।