বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিতে (বিজিএমইএ) বায়ার্স ফোরামের প্রতিনিধিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বায়ার্স ফোরামের প্রতিনিধিরা বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেনের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন। সভায় পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং শিল্পের ভবিষ্যত টেকসই প্রবৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। এতে বিজিএমইএ পরিচালনার জন্য গঠিত সহায়ক কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনায় পোশাক শিল্পের সমসাময়িক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ থেকে পোশাক রফতানি কীভাবে আরো বাড়ানো যায় সে বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন বাংলাদেশের পোশাক শিল্পে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনগুলোতেও শিল্পে এ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য ব্র্যান্ড প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশগত টেকসই উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে প্রভূত অগ্রগতি অর্জন করেছে। শিল্পের এ অর্জনগুলো বৈশ্বিক অঙ্গনে তুলে ধরার জন্য তিনি ব্র্যান্ডগুলোর প্রতি আহবান জানান।

সভায় এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, ভিএফ করপোরেশন, জিইএমও, সেলিও, গ্যাপ, ওইউএস, আউচান, সিএসএস, অ্যালিউর সোর্সিং, অটো ইন্টারন্যাশনাল, এস কর্তে এঙ্গেলসসহ বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করা বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলোর কান্ট্রি হেড ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।