ইতালির রাজধানী রোমে আবিষ্কৃত হয়েছে প্রথম
শতকের রোমান সম্রাট নিরোর ব্যক্তিগত থিয়েটারের ধ্বংসাবশেষ। ভ্যাটিকান থেকে মাত্র কয়েক
মিটার দূরত্বে অবস্থিত এ স্থাপনা।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, এ থিয়েটারকে
ব্যতিক্রমী আবিস্কার হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞদের অনেকে।
রোমের স্পেশাল সুপারিনটেনডেন্ট ড্যানিয়েলা পোরেরো থিয়েটারটি আবিষ্কার করেন। তিনি বলেন, এখানেই নিরো কবিতা বা গানের চর্চা করতেন। বর্তমানে যেখানে সেন্ট পিটার্সের ব্যাসিলিকার অবস্থান সেখানেই ছিল এ থিয়েটার।
ছবি: এপি
প্রাচীন এ থিয়েটারের অবস্থান নিয়ে ইতিহাসবিদদের
মাঝে ভিন্নমত রয়েছে। প্লিনি দি এল্ডারের লেখায় এ বিষয়ে জানা গেলেও অবস্থান সম্পর্কে
কোনো তথ্য ছিল না।
পঞ্চম রোমান সম্রাট ছিলেন নিরো। তিনি ৫৪
থেকে ৬৮ খ্রিস্টাব্দে শাসনক্ষমতায় ছিলেন। বাড়াবাড়ি ও স্বেচ্ছাচারিতার জন্য পরিচিত ছিলেন
নিরো।
আবিস্কার হওয়া স্থানে চমৎকার মার্বেল কলাম,
অভিজাত সাজসজ্জা এবং সংগ্রহশালায় পোশাক-পরিচ্ছদ ও ব্যাকড্রপের অবশিষ্টাংশ পাওয়া গেছে।
অর্থাৎ শুধু থিয়েটারের ধ্বংসাবশেষ নয়, এর সঙ্গে ব্যবহার হওয়া অন্যান্য উপাদান এসেছে
হাল আমলের প্রত্মতাত্ত্বিকদের হাতের নাগালে।
নতুন একটি প্রকল্পের জন্য খনন চালানোর
সময় এ থিয়েটার আবিস্কৃত হয়।










