খালি হাতে বিশ্বের পঞ্চম উঁচু ভবন বেয়ে উঠার চেষ্টা করায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে সিউল পুলিশ। গতকাল সোমবারের (১২ জুন) দক্ষিণ কোরিয়ার এ ঘটনায় পুলিশ জানিয়েছে, কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ওই ব্যক্তি ভবনের ৭২ তলা পর্যন্ত উঠেছিলেন। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

স্পাইডার-ম্যানের মতো দেয়াল বেয়ে উঠা ওই আরোহীর পরনে হাফপ্যান্ট, পায়ে ক্লাইম্বিং সু ও কাঁধে ছোট ব্যাকপ্যাক ছাড়া কিছুই ছিল না।

বিশ্বের পঞ্চম উচ্চতম লোটে ওয়ার্ল্ড টাওয়ার উচ্চতায় ৫৫৫ মিটার।

দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে, গতকাল ভোরে ১২৩ তলার ভবনটিতে ব্রিটিশ নাগরিককে উঠতে দেখেন কর্মীরা। কোনো রশি ছাড়াই খালি হাতে ৭২ তলায় পৌঁছানো পর তাকে থামতে বাধ্য করা হয়।

ন্যাশনাল পুলিশ এজেন্সির এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা একটি গনডোলা লিফট ব্যবহার করে তাকে ধরতে সক্ষম হয়। তবে ততক্ষণে তিনি ৭০ তলা পেরিয়ে যান।

পুলিশ জানিয়েছে, দুধর্ষ ওই আরোহীর নাম জর্জ কিং-থম্পসন। আত্মসমর্পণ করার পর দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে তাকে।

এর আগে ২০১৮ সালেও অনুমতি ছাড়া একই ভবনে আরোহণ করায় ফরাসি স্পাইডার-ম্যান নামে পরিচিত অ্যালাইন রবার্টকে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি ৭৫তলা পর্যন্ত উঠেছিলেন। ২০২১ সালে একই কায়দায় লন্ডনের ৭২ তলা বিশিষ্ট দ্য শার্ড ভবনে ওঠার চেষ্টা করেন রবার্ট। তখনও তাকে কারাগারে যেতে হয়েছিল।