পুনর্ব্যবহারযোগ্য শক্তি নিয়ে অভিনব পরিকল্পনা
করেছে নেদারল্যান্ডস। ওয়াডেন সমুদ্রে একটি বিলুপ্ত আগ্নেয়গিরির অবশিষ্ট তাপ থেকে বলসওয়ার্ড
শহরের সাত হাজার বাড়ি গরম রাখা হবে।
ফ্রিজল্যান্ড প্রদেশে এক নাগরিক পদক্ষেপের
অংশ হিসেবে পরিকল্পনাটি বাস্তবায়ন হবে।
ডাচ নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছে,
জুইডওয়াল আগ্নেয়গিরিটি হারলিনজেন ও ভলিল্যান্ড দ্বীপের মধ্যে অবস্থিত।
উদ্যোক্তা দ্য স্টগেফ ফাউন্ডেশনের প্রত্যাশা
স্থানীয় কাউন্সিলের সহায়তায় এ পদ্ধতি আরো বেশি উন্নত করা সম্ভব হবে। তাতে করে আগ্নেয়গিরি
আঁচ অবশিষ্ট থাকতে থাকতেই এর সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে।
পরিকল্পনাটি বেশ অভিনব। ভূত্বক ছিদ্র করে
ভেতর থেকে গরম পানি তুলে এনে ডিস্ট্রিক্ট হিটিং সিস্টেমে ব্যবহার করা হবে। স্টগেফ ফাউন্ডেশনের
এনজি সালভারদা বলেন, ‘আগ্নেয়গিরিটি এখনো তাপ দিচ্ছে। তাপ প্রবাহিত
হচ্ছে ভূত্বকের এমন একটি স্তর ছিদ্র করব আমরা।’
উচ্চমাত্রার তাপের উপস্থিতির কারণেই ১৯৭০
সালে আগ্নেয়গিরিটি আবিষ্কার করা হয়।
আগ্নেয়গিরি থেকে ৪০ কিলোমিটারের মধ্যে
বলসওয়ার্ডের অবস্থান। সালভারদা বলেন, ‘এর মধ্যে সরাসরি
ছিদ্র করা যাবে না। তাছাড়া এর খুব কাছেও যাওয়া যাবে না, কারণ সেখানে এত গরম যে সবকিছু
ভলকনিক গ্লাসে পরিণত হয়। ’
লোকাল কাউন্সিল সুডওয়েস্ট ফ্রিজল্যান্ডের
একজন মুখপাত্র জানান, শহরের স্থিতিশীলতা বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে এই ধারণা খাপ খাবে
কি না সে বিষয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে কাউন্সিলরদের।
নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার
শেষ হয়ে যাওয়ায় সেখানকার ডিস্ট্রিক্ট হিটিং স্কিমে এখন ভূ-তাপ ব্যবহারের বিষয়টি ক্রমবর্ধমান
শিল্প হয়ে উঠছে।










