আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গসপোদিনভ। ‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। বুলগেরিয়ান ভাষায় লেখা  গসপোদিনভের  উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোদেল। এই প্রথম বুলগেরিয়ান সাহিত্যের কোনো উপন্যাস বুকার পুরস্কার পেল। অর্থমূল্য হিসেবে তারা উভয়েই পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড। লন্ডনের স্কাই গার্ডেনে গতকাল রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়।

আলঝেইমার অসুখের পরীক্ষামূলক চিকিৎসা প্রদান করে এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগতকে ক্ষুদ্রতম বিবরণে পুননির্মাণ করার প্রক্রিয়া নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।

ঔপন্যাসিক এবং কবি জর্জি গসপোদিনভ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক তিনি। তার লেখা এ পর্যন্ত ২৫টি ভাষায় অনূদিত হয়েছে।

অ্যাঞ্জেলা রোদেল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি বুলগেরিয়াতে থাকেন। তার অনুবাদিত কবিতা ও গদ্য বিভিন্ন সাহিত্য পত্রিকা ও সংকলনজুড়ে প্রকাশিত হয়েছে। বুলগেরিয়ার সংস্কৃতিতে অবদানের জন্য তাকে ২০১৪ সালে দেশটির নাগরিকত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘দা ম্যান বুকার প্রাইজ’ নাম বদলে এবছর থেকে ‘বুকার প্রাইজ’ নামে পুরস্কারটি প্রদান করা হচ্ছে। প্রথা ভেঙ্গে একইসঙ্গে সাহিত্যিক এবং অনুবাদক দুজনই পুরস্কার পাচ্ছেন এবছর থেকে। ‘বুকার’ পুরস্কার হল যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত বা অনূদিত কথাসাহিত্যের জন্য যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যার অর্থ মূল্য হলো ৫০ হাজার পাউন্ড। এই অর্থ লেখক এবং অনুবাদকের মধ্যে সমানভাবে বিভক্ত হবে।