মানবস্বাস্থ্যে মেডিটেরানিয়ান ডায়েট বা ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের ইতিবাচক প্রভাবের বিষয়টি এখন সর্বজনস্বীকৃত। আজ পর্যন্ত বহু গবেষণায় স্থূলতা ও হৃদরোগ প্রতিরোধ থেকে শুরু করে মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করা পর্যন্ত মানবস্বাস্থ্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মেডিটেরানিয়ান ডায়েটের ইতিবাচক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নিশ্চিতে সবচেয়ে কার্যকর খাদ্যাভ্যাস হলো মেডিটেরানিয়ান ডায়েট। এ ধরনের খাদ্যতালিকা তৈরি হয় প্রধানত তাজা শাকসবজি, ফল, পরিমিত মাত্রায় তৈলাক্ত মাছ এবং ডাল, শিম বা মটরশুঁটি জাতীয় খাবার দিয়ে। ভূমধ্যসাগরের আশপাশের অঞ্চলগুলোয় এ ধরনের খাদ্যতালিকা অনুসরণ করা হয়।
শুধু চলতি ২০২৫ সালেই মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি, ক্যান্সারের ঝুঁকি হ্রাস, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং এমনকি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি মোকাবেলায় এ খাদ্যাভ্যাসের ইতিবাচক প্রভাব নিয়ে বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে।
আবার অনেক ক্ষেত্রে সাধারণ একটি প্রভাব নিয়ে গবেষণা চালাতে গিয়ে এর অন্যান্য উপকারিতার বিষয়ও উঠে এসেছে। যেমন স্মৃতিশক্তি ধরে রাখায় ভূমধ্যসাগরীয় ডায়েটের উপকারিতা নিয়ে গবেষণা চালাতে গিয়ে বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন, এটি অন্ত্রের স্বাস্থ্যরক্ষায় অত্যন্ত কার্যকর, যা শরীরের অন্যান্য অংশের ওপরেও প্রভাব রাখে।
মানবস্বাস্থ্যে বয়সজনিত নির্দিষ্ট কিছু সমস্যা মোকাবেলায় গবেষকদের কেউ কেউ সাধারণ ভূমধ্যসাগরীয় ডায়েটের পরিবর্তিত কিছু সংস্করণও নিয়ে এসেছেন। সর্বশেষ কিছুদিন আগে স্পেনভিত্তিক একদল বিশেষজ্ঞের গবেষণায় উঠে এসেছে, কম ক্যালোরি সম্পন্ন ভূমধ্যসাগরীয় ডায়েট দেহের ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি হাড়ের ঘণত্ব ধরে রাখার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখে।
বর্তমানে ভূমধ্যসাগরীয় ডায়েটের সবচেয়ে পরিচিত দুটি সংস্করণ হলো গ্রিন মেডিটেরিয়ান ডায়েট এবং মাইন্ড ডায়েট। এর মধ্যে গ্রিন মেডিটেরিয়ানিয়ান ডায়েট হলো পুরোপুরি তাজা উদ্ভিজ্জ খাদ্যনির্ভর একটি তালিকা। এটি অন্য অনেক উপকারিতার পাশাপাশি পেটের ভেতরে জমে থাকা চর্বি (ভিসারাল ফ্যাট) কমানোর ক্ষেত্রে কার্যকর হতে পারে। এ ধরনের চর্বি সংশ্লিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গের চারপাশে জমা হয়ে সেগুলোর ক্ষতি করতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে এটি মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া প্রতিরোধের পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে।
আর উচ্চ রক্তচাপ প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীদের প্রণীত খাদ্যতালিকার সঙ্গে প্রথাগত মেডিটেরানিয়ান ডায়েটের সংমিশ্রণে গড়ে তোলা হয়েছে মাইন্ড ডায়েট। এ খাদ্যতালিকা মস্তিষ্কের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমে যাওয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকর বলে প্রমাণ হয়েছে।
(মেডিকেল নিউজ টুডে অবলম্বনে)









