দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ঝুঁকি কমে আসার পাশাপাশি রিটার্ন বেশি পাওয়া যায় বলে মনে করা হয়ে থাকে। দেশের পুঁজিবাজারে অস্থিরতার ক্ষেত্রে অনেক সময় বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদে মুনাফা করার প্রবণতাকে দায়ী করা হয়ে থাকে। যদিও গবেষণার তথ্য বলছে, অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে শেয়ারে বিনিয়োগে লোকসান গুনতে হয় এবং স্বল্পমেয়াদে বিনিয়োগ লাভজনক। গতকাল প্রথম উন্নয়ন অধ্যয়ন আন্তর্জাতিক সম্মেলন ২০২৪-এর সমাপনী দিনে ‘অর্থনৈতিক বৈচিত্র্যের পথে যাত্রা’ শীর্ষক সেশনে উপস্থাপিত এক প্রবন্ধে এ চিত্র উঠে এসেছে।

এ সেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসূফ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এ সেশনে চারটি প্রবন্ধ উপস্থাপিত হয়। এর মধ্যে পুঁজিবাজার নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার মো. ওমর ফারুক।

প্রবন্ধে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ১২০টি কোম্পানির শেয়ারে বিনিয়োগের বিপরীতে রিটার্নের চিত্র বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে লভ্যাংশ বাদ দিয়ে শুধু মূলধনি মুনাফার বিষয়টি বিবেচনা করা হয়েছে। এতে দেখা যায়, স্বল্পমেয়াদে আইপিওর শেয়ারে বেশি রিটার্ন পাওয়া যায়। অন্যদিকে দীর্ঘমেয়াদে এক্ষেত্রে বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়। যেসব শেয়ারে সাবস্ক্রিপশন বেশি ছিল সেগুলোর রিটার্নও বেশি এসেছে। প্রবন্ধে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ মে পর্যন্ত সময়ের মূলধনি মুনাফার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, এ সময়ে এসব শেয়ারে ৪ দশমিক ৯২ শতাংশ রিটার্ন এসেছে। যদিও এ সময়ে ব্যাংকের স্থায়ী আমানতের ক্ষেত্রে বার্ষিক রিটার্নের হার ছিল ৬ থেকে ৮ শতাংশ।

প্যানেল আলোচনায় রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘একসময় আমি পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলাম এবং বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এ লোকসানের কারণ খুঁজে বেড়াচ্ছিলাম। আজকে এর উত্তর পেয়েছি। টেস্ট ম্যাচকে যেমন ক্রিকেটের সৌন্দর্য হিসেবে বিবেচনা করা হয়, সে হিসেবে আমি পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগকে বেছে নিয়েছিলাম। কিন্তু আজকে অনুধাবন করতে পারলাম যে এটি টি-টোয়েন্টি ম্যাচ।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের রফতানি আয়ের ৮৫ শতাংশই আসছে তৈরি পোশাক থেকে। এর পরবর্তী সময়ে কী সেটি নিয়ে আমাদের ভাবতে হবে। সেটি সংযোজন শিল্প কিংবা ফুটওয়্যার বা স্পোর্টসওয়্যার হতে পারে। পুঁজিবাজার নিয়ে প্রবন্ধটি দেখে আমার ১০ বছর আগে ড. রেহমান সোবহানের একটি কথা মনে পড়ে গেছে। তিনি বলেছিলেন, আমাদের পুঁজিবাজার হচ্ছে ক্যাসিনো। প্রবন্ধের তথ্যও এটিকে সমর্থন করছে।’