প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি নেতিবাচক দিকও রয়েছে। যার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শ্রেণীকক্ষে সেলফোনের ব্যবহার। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় কম মনোযোগী হয়। এ সমস্যার সমাধানে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে সেলফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে নেদারল্যান্ডস। খবর রয়টার্স।

জানুয়ারি থেকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কোনো ধরনের সেলফোন, ট্যাবলেট এমনকি স্মার্টওয়াচও ব্যবহার করা যাবে না বলে দেশটির সরকার সূত্রে জানা গেছে। তবে জরুরি প্রয়োজনে, কোনো শিখন কার্যক্রম বা ডিজিটাল স্কিলের উন্নয়ন, স্বাস্থ্য সহায়তায় সেলফোন ব্যবহার করা যাবে। এক বিবৃতিতে দেশটির শিক্ষামন্ত্রীয় রবার্ট ডিজকগ্রাফ বলেন, ‘‌আমাদের জীবনের সঙ্গে সেল বা স্মার্টফোন ওতপ্রোতভাবে জড়িত থাকলেও শ্রেণীকক্ষে এর প্রয়োজনীয়তা নেই।’ তিনি বলেন, ‘‌শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং ভালোভাবে শিক্ষা অর্জনের পরিবেশ ও সুযোগ তৈরি করে দিতে হবে। সেলফোন শিক্ষার্থীদের জন্য সমস্যা, বৈজ্ঞানিক গবেষণায় এটি অন্তরায় হয়ে উঠেছে। তাই শিক্ষার্থীদের রক্ষা করা আমাদের কর্তব্য।’ 

দেশের শিক্ষা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিজকগ্রাফ জানান, স্কুলগুলো নিজস্ব উপায়ে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে।