ব্যবহারকারীদের সেক্সটর্শন স্ক্যাম (ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশের হুমকি) থেকে রক্ষা করতে নতুন নিরাপত্তা ফিচার ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এর একটি মূল পরিবর্তন হলো, ব্যবহারকারীরা এখন থেকে ব্যক্তিগত মেসেজে পাঠানো অস্থায়ী ছবি বা ভিডিওর স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। খবর টেকক্রাঞ্চ।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ডিএমে (ডিরেক্ট মেসেজ) পাঠানো অস্থায়ী কনটেন্টের স্ক্রিনশট নিতে পারতেন। তবে প্রেরককে জানানো হতো যে অন্যদিক থেকে এটি সংরক্ষণ করা হয়েছে। নতুন পরিবর্তনের সঙ্গে কেউ যদি ‘একবার দেখুন’ বা ‘পুনরায় খোলার অনুমতি দিন’ বিকল্পগুলো ব্যবহার করে ফটো বা ভিডিও পাঠান, তবে অন্য ব্যক্তি এটি স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করতে পারবেন না। এছাড়া ইনস্টাগ্রাম এসব ছবি বা ভিডিও ডেস্কটপ থেকে ওপেন করার অনুমতি দেবে না।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, কনটেন্ট ব্যক্তিগত রাখার ক্ষেত্রে ইনস্টাগ্রাম এ পরিবর্তনের মাধ্যমে স্ন্যাপচ্যাটের চেয়ে অনেকটাই এগিয়ে গেল। কারণ স্ন্যাপচ্যাটের ইনবক্সে ছবি বা ভিডিও পাঠালে তা স্ত্রিনশট নেয়া যায়, তবে ইমেজ সেভ করার সময় তা জানিয়ে দেয়া হয়। অ্যাপটি ব্যবহারকারীদের স্ক্রিনশট নেয়া থেকে একেবারেই বাধা দেয় না। ইনস্টাগ্রাম বলছে, এখন থেকে ‘একবার দেখার’ জন্য নির্ধারিত কনটেন্ট প্রকৃত অর্থেই একবার দেখা যাবে। মেটা মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্কটি আরো জানিয়েছে যে নতুন এ ফিচার কিশোর-কিশোরীদের জন্য নতুন টিন অ্যাকাউন্ট চালুর সঙ্গে সম্পর্কিত।
এর আগে গত মাসে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে স্বয়ংক্রিয়ভাবে কিশোর অ্যাকাউন্টগুলোকে ব্যক্তিগত (প্রাইভেট) করে দেয়ার ঘোষণা দেয় প্লাটফর্মটি। এপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে ১৮ বছর বয়সের কম ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শুধু অনুমোদিত বা অ্যাপ্রুভ করা ফলোয়াররাই তাদের পোস্ট ও প্রোফাইল দেখতে পারবেন। এটি তাদের অবাঞ্ছিত মনোযোগ ও হয়রানি থেকে রক্ষা করতে সাহায্য করবে। এ পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় তরুণদের জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করার একটি বৃহত্তর প্রচেষ্টা বলে মনে করেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।
এছাড়া টিন অ্যাকাউন্টে ব্যবহারকারীরা যাদের অনুসরণ করে না বা যুক্ত নন, এমন ব্যক্তির কাছ থেকে তারা কোনো বার্তা পাবেন না।










