হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও রিয়েলিটি ল্যাবসের মতো কিছু প্লাটফর্ম থেকে কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি কোম্পানি মেটা। একযোগে বিপুল সংখ্যক কর্মচারীকে চাকরিচ্যুত করার পরিবর্তে কোম্পানিটি ছোট আকারে কাটছাঁট করছে। মেটা বলছে, দলগুলোকে নতুন করে সাজানোর কারণে ধীরে ধীরে এসব ছাঁটাই হচ্ছে। খবর দ্য ভার্জ।
সোশ্যাল মিডিয়ায় মেটার কিছু কর্মী চাকরি ছাঁটাইয়ের কথাটি জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন জেন মাঞ্চুন ওং। তিনি ২০২৩ সালে মেটার সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা থ্রেডস টিমে যোগ দেয়ার আগে নতুন অ্যাপ ফিচার প্রকাশের জন্য পরিচিত ছিলেন। মেটার এক মুখপাত্র বলেছেন, ‘কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর সঙ্গে সংগতি রেখে কিছু পরিবর্তন করা হচ্ছে। কিছু টিম অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে, ফলে কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে।’
কোম্পানিটির রিয়েলিটি ল্যাবস বিভাগে কর্মী ছাঁটাইয়ের পর নতুন এ সিদ্ধান্ত নেয়া হলো। রিয়েলিটি ল্যাবস মেটার একটি বিভাগ, যা ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি উন্নয়নে কাজ করে। এর মধ্যে অকুলাস ভিআর হেডসেট এবং অন্যান্য ইমার্সিভ অভিজ্ঞতা অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ২০২২ সালে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল, পরে ২০২৩ সালে আরো ১০ হাজার ছাঁটাই করে কোম্পানিটি।
এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, খাবারের জন্য বরাদ্দকৃত ভাতার অপব্যবহারের কারণে সম্প্রতি মেটা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেশকিছু কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করেছে। অভিযোগ ছিল, কর্মচারীরা এ ভাতা খাদ্যের বাইরে অন্য জিনিসের জন্য ব্যবহার করেছিলেন।
নতুন করে এ চাকরি ছাঁটাইয়ের ফলে ২০২২ সালের নভেম্বর থেকে চাকরি হারালেন মেটার প্রায় ২১ হাজার কর্মচারী। কোম্পানিটির ভাষ্য, খরচ কমানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সিইও মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ বলে উল্লেখ করেন, অর্থাৎ কোম্পানি খরচ কমাতে ও তাদের কাজের পদ্ধতি উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রয়টার্স বলছে, মেটার শেয়ারমূল্য চলতি বছর বেড়েছে ৬০ শতাংশের বেশি। তাদের সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকের ফলাফল বলছে, মেটা আয়ে বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ও তৃতীয় প্রান্তিকের জন্য একটি ইতিবাচক পূর্বাভাস দিয়েছে।










