কাস্টম কম্পিউটিং চিপ তৈরিতে ইন্টেলের পরিষেবা ব্যবহারের পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট। ২০২৫ সালের আগেই উন্নত চিপ উৎপাদনে নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) ছাড়িয়ে যাওয়ারও বিষয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত প্রথম প্রযুক্তি সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে ইন্টেল। মার্কিন চিপ নির্মাতা জানায়, তারা ইন্টেল ১৮এ উৎপাদন প্রযুক্তি দিয়ে চলতি বছরের শেষের দিকে টিএসএমসি থেকে বিশ্বের দ্রুততম চিপ তৈরির খেতাব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে। পাশাপাশি ইন্টেল ১৪এ প্রযুক্তির মাধ্যমে ২০২৬ সালেও চিপ উৎপাদনে নিজেদের নেতৃত্ব ধরে রাখার বিষয়ে আশাবাদী।

মাইক্রোসফট মূলত তাদের একটি অঘোষিত চিপ উৎপাদনে ইন্টেলের ১৮এ প্রযুক্তি ব্যবহার করবে। ফলে ইন্টেল এখন দেড় হাজার কোটি ডলারের ফাউন্ড্রি অর্ডার প্রত্যাশা করছে। 

অন্যদিকে জানুয়ারিতে সর্বশেষ বিনিয়োগকারীদের সম্মেলনে টিএসএমসি সিইও সিসি ওয়েই চিপ উৎপাদনে উন্নত প্রযুক্তির এ প্রতিযোগিতা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এছাড়া উন্নত এআই চিপ তৈরিতে আধিপত্যের কারণে ২০২৩ সালে টিএসএমসির শেয়ার ১৭ শতাংশ বেড়েছে।

ইন্টেলের ১৪এ প্রযুক্তি উন্মোচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ২০২৫ সালের পর তাদের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। চিপ তৈরিতে নিজেদের নেতৃত্ব পুনরুদ্ধারে তিন বছর আগে প্রতিষ্ঠানটির সিইও প্যাট গেলসিঙ্গার সময় নির্ধারণ করে দিয়েছিলেন।

কয়েক দশক ধরে ইন্টেল কেবল শিল্প নেতৃস্থানীয় উৎপাদন দিয়ে নিজের জন্য চিপ তৈরি করেছিল। কিন্তু এ সময় কোম্পানিটি চিপ উৎপাদনে নেতৃত্ব হারায়। পাশাপাশি ইন্টেলের উৎপাদিত চিপগুলো কম প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। তবে এখন ইন্টেল নেতৃত্ব ফিরে পেতে সরকারি ভর্তুকি ও ফাউন্ড্রি গ্রাহকের ব্যবসা ওপর নির্ভর করছে। টিএসএমসির কারখানার বিপরীতে ইন্টেল বিশ্বব্যাপী কারখানাগুলো নতুন গ্রাহককে আকর্ষণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইন্টেল তাদের ১৮এ উৎপাদন প্রযুক্তির জন্য চারটি বড় গ্রাহক নিশ্চিত করলেও তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি। সম্প্রতি কোম্পানিটি জানায়, তারা আর্ম হোল্ডিংসের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করছে। যার লক্ষ্য ইন্টেলের কারখানাগুলোয় আর্ম প্রযুক্তির সহায়তায় চিপ উৎপাদন সহজ করা। 

ইন্টেল আরো জানায়, তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং ইউনিভার্সিটি অব মিশিগানের সঙ্গে কাজ করবে। যাতে শিক্ষার্থীরা তাদের ১৮এ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ব্যবহার করতে পারে। গ্রাহককে আকৃষ্ট করার জন্য ইন্টেলের প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরামর্শক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী বেন বাজারিন।