যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির এক বিশ্ববিদ্যালয়। শ্রেণীকক্ষে প্রবেশ করলে দেখা যায়, শিক্ষার্থীরা ভিডিও গেম নিয়ে পড়শোনায় মগ্ন। তাত্ত্বিক পাঠের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের গেম তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন।

গবেষণার জন্য নামডাক রয়েছে ইউটার রাজধানী সল্ট লেকে অবস্থিত ইউনিভার্সিটি অব ইউটার। এটি ১৮৫০ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এ অঙ্গরাজ্যে একটি শক্তিশালী শিল্পে পরিণত হয়েছে ভিডিও গেম। গত ১০ বছরে এ অঞ্চলের গেমিং শিল্প ২৩৫ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। ২০২৩ সালে এ খাতের আয় ছাড়িয়েছে ২৩০ কোটি ডলার। এখানেই শেষ নয়, বাজারটি আগামী পাঁচ বছরের মধ্যে ৪৫০ কোটি ডলারে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কেট রিসার্চ ফার্ম আইবিআইএসওয়ার্ল্ড। আর এ সফলতার পেছনে একটি মূল চালক হলো ইউটা বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক ভিডিও গেম ও ডেভেলপমেন্ট সম্পর্কিত শিক্ষা কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠানটির গেম ডিজাইন প্রোগ্রাম বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে। এ কার্যক্রম বিশ্বব্যাপী ভিডিও গেম শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গেমিং ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী ব্যক্তিত্ব তৈরি করার জন্য ইউটা বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য উদাহরণ হলেন নিনতেন্দো অব আমেরিকার প্রেসিডেন্ট ডগ বাউসার এবং আটারির প্রতিষ্ঠাতা ও বিখ্যাত গেম ‘পং’ নির্মাতা নোলান বুশনেল। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, এখানে পাঠ পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থী গেম ডেভেলপমেন্টে সফল হয়েছেন এবং বেশকিছু বিখ্যাত গেম তৈরি করেছেন।

ইউটা বিশ্ববিদ্যালয়ের গেমস বিভাগের চেয়ার মাইকেল ইয়ং বলেন, ‘এখানে অনেকে এসেছিলেন শিক্ষা গ্রহণের জন্য। পরে তারা গ্র্যাজুয়েট হয়ে বর্তমানে গেমস ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ ইয়ংয়ের মতে, ইউটা বিশ্ববিদ্যালয়ের গেমিং প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শুরুর আগে এটি কম্পিউটার সায়েন্স বিভাগের মধ্যে সীমিতভাবে চালু হয়। ইয়ং বলেন, ‘২০০৮ সালে কিছু ছাত্র গেমিংয়ের ওপর একটি নির্দিষ্ট প্রোগ্রাম চালু করার প্রস্তাব দেয়। এ উদ্যোগের ফলে ইউটা বিশ্ববিদ্যালয়ে গেমিং কার্যক্রম আরো বেশি পরিচিতি পায় ও এগিয়ে যেতে শুরু করে।’

প্রিন্সটন রিভিউর ২০২৪ সালের শীর্ষ গেম ডিজাইন স্কুলের তালিকায় ইউটা বিশ্ববিদ্যালয় তার স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম উভয়ের জন্যই যথাক্রমে সাত ও ও ছয় নম্বর থেকে চারে উঠে আসে। বর্তমানে এ প্রোগ্রামে অংশ নিতে ৭২ শতাংশ স্নাতকোত্তর শিক্ষার্থী ইউটা অঙ্গরাজ্যের বাইরে থেকে আসেন। প্রোগ্রামটি আরো সম্প্রসারণের জন্য আড়াই কোটি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয়।

ইউটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জন ব্ল্যাকবার্ন, ২০২৩ সালের সবচেয়ে বিক্রীত গেম ‘হগওয়ার্টস লেগ্যাসির’ সফলতার কৃতিত্ব দেন সল্ট লেক সিটিতে অবস্থিত একটি প্রতিভাবান দলকে। এর মধ্যে ইউটা বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট রয়েছেন। গেমটি গত বছর ১০০ কোটির বেশি আয় করেছে। ২০১৭ সালে এপিক গেমসের লঞ্চ করা জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার গেম ‘ফোর্টনাইটের’ ব্যবহারকারী ৫০ কোটিরও বেশি। বিশ্বের বিভিন্ন স্থান থেকে বড় বড় টিমসহ সল্ট লেক সিটির সদস্যরা গেমটি তৈরিতে সহায়তা করেছেন। এর মধ্যে ছিলেন এপিকের সাবেক চিফ ক্রিয়েটিভ অফিসার ও গেমটির সহনির্মাতা ডোনাল্ড মাস্টার্ড।

মাস্টার্ড বলেন, ‘ইউটার শিক্ষা পদ্ধতি বিশেষ ধরনের। এখানে পড়াশোনার সময় শিক্ষার্থীদের ভিডিও গেম তৈরি করতে হয়। এটি তাদের এমন একটি বিরল ও মূল্যবান দক্ষতা, যা অনেকের কাছে নেই।’

—সিএনবিসি অবলম্বনে