ফেসবুক, মেসেঞ্জারের মালিকানা প্রতিষ্ঠান মেটার পরিচালনা পর্ষদ থেকে সরে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ।

ফেসবুকে দেয়া পোস্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের মে মাসে কোম্পানির পর্ষদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হবে। এর পরই পদ ছাড়বেন তিনি। পোস্টে শেরিল স্যান্ডবার্গ জানান, মেটার ব্যবসায়িক ভবিষ্যৎ খুবই শক্তিশালী ও নির্ভরযোগ্য পর্যায়ে আছে। তাই কোম্পানি থেকে সরে আসার এটাই সঠিক সময়। পরবর্তী সময়ে কোম্পানির উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার কথাও জানিয়েছেন তিনি। পোস্টের জবাবে মেটা সিইও মার্ক জাকারবার্গ জানান, স্যান্ডবার্গের নতুন অধ্যায় শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

পরিচালনা পর্ষদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার আগে ১৪ বছরের বেশি সময় মেটার চিফ অপারেটিং অফিসার (সিওই) হিসেবে দায়িত্ব পালন করেছেন স্যান্ডবার্গ। পাশাপাশি কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য হিসেবেও ১২ বছর ছিলেন। ২০২২ সালে মেটার সিওও পদ থেকে সরে দাঁড়ান স্যান্ডবার্গ।

এক সময় প্রতিষ্ঠাতা জাকারবার্গের পর কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো স্যান্ডবার্গকে। এমনকি কোম্পানিটির বহুল সমালোচিত বিজ্ঞাপনী ব্যবসায়িক মডেলের মূল প্রকৌশলী এবং কোম্পানির অন্যতম সক্রিয় নির্বাহী কর্মকর্তাও ছিলেন তিনি।

ফেসবুকে যোগ দেয়ার আগে গুগলের গ্লোবাল অনলাইন সেলস অ্যান্ড অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্যান্ডবার্গ। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে মার্কিন ট্রেজারি বিভাগের কর্মী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।