এআই পণ্যের উচ্চ চাহিদার কারণে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড আয় করেছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিকস নির্মাণকারী প্রতিষ্ঠান ফক্সকন। তবে বাজার বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় আয় কিছুটা কম হয়েছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটির। খবর রয়টার্স।
এনভিডিয়ার প্রধান সার্ভার নির্মাতা ও অ্যাপলের আইফোন অ্যাসেম্বলার ফক্সকন জানিয়েছে, গত প্রান্তিকে কোম্পানিটির আয় ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির আয় পৌঁছেছে ২ দশমিক শূন্য ৫৭ ট্রিলিয়ন তাইওয়ান ডলারে (প্রায় ৬ হাজার ৭৭০ কোটি ডলার)। যদিও লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের প্রত্যাশা অনুযায়ী আয় ২ দশমিক ১৩৪ ট্রিলিয়ন তাইওয়ান ডলার হওয়ার কথা, তবে ফক্সকন বলেছে, ফলাফল কোম্পানির প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।
ফক্সকন জানিয়েছে, এআই পণ্যের উচ্চ চাহিদার কারণে ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্য বিভাগের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে স্মার্ট কনজিউমার ইলেকট্রনিকস বিভাগে আয় সামান্য কমেছে। এ বিভাগে আইফোনও রয়েছে।
কোম্পানিটি আরো জানিয়েছে, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বিনিময় হারের পরিবর্তনের প্রভাবকে ঘনিষ্ঠভাবে নজরদারি করতে হবে।
আনুষ্ঠানিকভাবে হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি নামে পরিচিত ফক্সকন গত প্রান্তিকের আয়ের পূর্ণ প্রতিবেদন ১২ নভেম্বর প্রকাশ করবে।
ফক্সকন এআই ওয়ার্কলোডের জন্য বিশেষভাবে ডিজাইন করা সার্ভার র্যাক তৈরি করে। তবে এআই ছাড়াও বৈদ্যুতিক গাড়ি সংযোজন ও সেমিকন্ডাক্টর উৎপাদনেও বিনিয়োগ বাড়াচ্ছে ফক্সকন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বড় মুনাফার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।










