জনপ্রিয় হিউম্যানয়েড রোবট ‘পেপার’-এর পর আরো বিস্তৃত ও উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে জাপানের রোবোটিকস খাতের প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ। প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর রোবট প্রযুক্তিতে নতুন সম্ভাবনা খুঁজছে এবং এ খাতে বিনিয়োগ ও কাঠামো পুনর্গঠন করছে। খবর নিক্কেই এশিয়া।
চলতি বছরের সেপ্টেম্বরে ওসাকা-কানসাই বিশ্বমেলায় সফটব্যাংক পাঁচ ধরনের রোবট প্রদর্শন করে। চার হাত-পাসহ হিউম্যানয়েড রোবট বা ছোট একটি বিড়াল রোবট, সবগুলোর আকার ও গঠন আলাদা হলেও এগুলো একই সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। সফটব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আসরাটেক এ সফটওয়্যার তৈরি করেছে।
আসরাটেকের প্রতিনিধি ওয়াতারু ইয়োশিজাকি বলেন, ‘মাত্র একটি কম্পিউটার দিয়েই বিভিন্ন ধরনের রোবট স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব।’
সফটব্যাংক বিভিন্ন রোবট প্রকল্প ও বিনিয়োগকে ‘সফটব্যাংক রোবোটিকস গ্রুপ’ নামে নতুন হোল্ডিং কোম্পানির অধীনে একীভূত করেছে। চলতি বছরের জুন পর্যন্ত ১৩টি প্রতিষ্ঠান এ নতুন রোবোটিকস গ্রুপে স্থানান্তর করা হয়েছে। যার মধ্যে রয়েছে হিউম্যানয়েড ও লজিস্টিক রোবট নির্মাতা সফটব্যাংক রোবটিকস, যুক্তরাষ্ট্রভিত্তিক বার্কশায়ার গ্রে, জার্মানির অ্যাজাইল রোবোটস ও নরওয়ের ১এক্সসহ আরো সাতটি প্রতিষ্ঠান।
সফটব্যাংক গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়োশিমিৎসু গোটো বলেন, ‘রোবোটিকস খাতে বিনিয়োগগুলো একত্রিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রবৃদ্ধির একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা সম্ভব হবে।’
ইনভেস্টিং ডটকমের তথ্যমতে, সুইস ইঞ্জিনিয়ারিং জায়ান্ট এবিবি লিমিটেডের রোবোটিকস বিভাগ ৫৩৮ কোটি ডলারে কিনে নিয়েছে সফটব্যাংক। লেনদেনটি ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
সফটব্যাংক পেপারকে শুধু সেবাদানকারী রোবট হিসেবে নয়, ব্র্যান্ড ইমেজের প্রতীক হিসেবেও ব্যবহার করছে। ২০১৫ সালে বাজারে আসার পর পেপার চ্যাটভিত্তিক এআই ব্যবহার করে মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম হয়েছে।
সফটব্যাংক রোবটিক গ্রুপ রোবট ইন্টিগ্রেটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে কাজ করছে। স্মার্ট গুদাম, রেস্টুরেন্ট ও লজিস্টিক সেবায় রোবটগুলো পরিবহন তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করবে। এআইয়ের এ সক্ষমতা উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং সফটব্যাংককে রোবট প্রযুক্তির নতুন দিগন্তে নিয়ে যাবে।










