নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল। হুইস্ক নামের টুলটির মাধ্যমে এতে আপলোড করা ছবির উপাদান থেকে নতুন ছবি তৈরি করা যায়। এর জন্য অন্যান্য এআই টুলের মতো কমান্ড দেয়ার প্রয়োজন হয় না। খবর সিএনএন।

চূড়ান্ত ছবির বিষয়বস্তু, পরিবেশ ও শৈলী নির্ধারণের জন্য ব্যবহারকারী প্রয়োজনীয় একাধিক ছবি টুলটিতে আপলোড করবেন। সেগুলোর সমন্বয়ে হুইস্ক নতুন একটি ছবি তৈরি করবে। এক ব্লগপোস্টে গুগল বলেছে, দ্রুত ধারণা পাওয়ার সৃজনশীল টুল হচ্ছে হুইস্ক, যা গতানুগতিক ছবি সম্পাদনার টুল থেকে ভিন্ন। পুরোদস্তুর পেশাদার কাজের পরিবর্তে হুইস্ককে মজাদার এআই ফিচারসমৃদ্ধ টুল হিসেবেই উল্লেখ করেছে গুগল।

গুগল ও ওপেনএআইয়ের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের উন্নত প্রযুক্তি প্রদর্শনের জন্য নতুন পণ্য প্রকাশের দিকে ছুটছে। তবে এক্ষেত্রে সমালোচকরা সতর্ক করে বলছেন যে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এআইয়ের বিকাশ মানবতার জন্য বিপজ্জনক হতে পারে।

ওপেনএআই ২০২১ সালে টেক্সট-টু-ইমেজ টুল ‘ডাল-ই’ উন্মুক্ত করে। তখন থেকে এআই জেনারেটেড শিল্পকর্মের ধারণা সামাজিক মাধ্যমে বেশ সরব হয়। পাশপাশি টুলটি পণ্য হিসেবে গুরুত্ব পেতে থাকে। গুগলের হুইস্ক একটি ইমেজ-টু-ইমেজ জেনারেটর, যা টেক্সট-টু-ইমেজ জেনারেটরের জনপ্রিয় ধারণার ওপর ভিত্তি করে তৈরি।

গুগল ল্যাবসের পণ্য ব্যবস্থাপনা পরিচালক থমাস ইলজিক বলেন, ‘হুইস্ক এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারী বিষয়, দৃশ্য ও শৈলীর সমন্বয়ে মজাদার ও সৃজনশীল উপায়ে নতুন ছবি তৈরি করতে পারেন। এক্ষেত্রে ছবির নিখুঁত পিক্সেল সম্পাদনার পরিবর্তে ভিজুয়ালে নতুন নতুন ধারণা তৈরির দিকে মনোযোগ দেয়া হয়েছে।’