জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ
ডাটা সায়েন্স প্রতিযোগিতা ডাটাথনের তৃতীয় সংস্করণের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সোমবার (৩ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে
বিজয়ী তিন দলকে পুরস্কৃত করা হয়।
দেশের অন্যতম টেলিনেটওয়ার্ক পরিষেবা
প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত ডাটাথন ৩.০-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করেছে টিম এসিআই সার্ভার ডাউন। প্রথম রানার্স আপ টিম ইয়েলো কিং এবং দ্বিতীয় রানার্স
আপ হয়েছে টিম বিগ ডাটা এআই ডাটা সায়েন্স। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী,
জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী তিন দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসিআই সার্ভার ডাউন চ্যাম্পিয়ন হিসেবে
পেয়েছে ৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার। প্রথম রানার্স আপ ইয়েলো কিং ৩ লাখ এবং দ্বিতীয়
রানার্স আপ বিগ ডাটা এআই ডাটা সায়েন্স পেয়েছে ২ লাখ টাকার পুরস্কার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে
নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক
অধিনায়ক তামিম ইকবাল খান। এ সময় রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠিসহ সরকারি ও বেসরকারিখাতের গুরুত্বপূর্ণ
ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডাটাথন ৩.০ প্রতিযোগিতায় ৩ হাজার ৫০০
জনেরও বেশি প্রতিযোগী ১ হাজারের বেশি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করে।
বিভিন্ন ধাপে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশগ্রহণ
করে। গত ২৪ ও ২৫ মে রবি করপোরেট অফিসে আয়োজিত ৪৮ ঘণ্টার ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে
ডাটাথন ৩.০-এর বিজয়ী নির্ধারণ করা হয়। ডাটাথনে অংশগ্রহণকারীরা ডাটাভিত্তিক সমস্যা সমাধান
ও মেশিন লার্নিংয়ে দক্ষতা প্রদর্শন করেছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক ডাটা বিশেষজ্ঞদের
মাধ্যমে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক,
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, ‘শিক্ষা, বিনোদন,
খেলা প্রতিটি জায়গায় ডাটা সায়েন্টিস্টের দরকার হবে। আশা করি, আমাদের মেধাবী তরুণ প্রজন্ম
এক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতির সময় আমরা ডাটা ব্যবহার করেছি। আর এরই কারণে কভিড-১৯ মোকাবেলায় বিশ্বের সফল পঞ্চম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা।’
অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি বলেন, ‘ডাটাথনে অংশগ্রহণকারীদের প্রতিভা ও উদ্ভাবনী শক্তি দেখে আমরা অত্যন্ত আশান্বিত। এ আয়োজন বিভিন্ন সমস্যা সমাধানে ডাটা সায়েন্সের সম্ভাবনাকে তুলে ধরে এবং ভবিষ্যত মেধাবী ডাটা বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে রবির প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করে। ডাটাথনে পাওয়া যুগান্তকারী উপায়গুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।’
রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে প্রতিযোগিতাটির
'পাওয়ারড বাই' সহযোগী অ্যামাজন ওয়েব সিরিজ। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল হুয়াওয়ে
বাংলাদেশ লিমিটেড ও ডিজিটাল মিডিয়া পার্টনার এডিএ বাংলাদেশ। ইন্টিগ্রেশন পার্টনার হিসেবে
অ্যাকজেনটেক পিএলসি ও ক্লাউড এক্সপার্টাইজ পার্টনার হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩।










