জিটি সিরিজে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। নিও সিক্স মডেলের স্মার্টফোনটি মূলত গেমারদের চাহিদার কথা বিবেচনায় তৈরি করা হয়েছে বলে দাবি কোম্পানির। ডিভাইসটিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইটএস জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে। খবর গিজমোচায়না।
গেমিংয়ের জন্য বিশেষভাবে নির্মিত ডিভাইসে উন্নত কুলিং সিস্টেম দেয়া হয়েছে। ফলে গেমিংয়ের সময় ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে গেনশিন ইমপ্যাক্ট গেম খেলার সময় সর্বোচ্চ গ্রাফিকস সেটিংসসহ প্রতি সেকেন্ডে ৫৯ দশমিক ৮৫ ফ্রেম পাওয়া গেছে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইটএস জেন থ্রি।
জিটি নিও সিক্স ডিভাইসে বিওই উৎপাদিত ওএলইডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। এর রেজল্যুশন ২৭৮০x১২৬৪ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬ হাজার নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ভিকটাস টুও রয়েছে এতে।
গেমার ও সাধারণ ব্যবহারকারী উভয়ের জন্য ডিভাইসে কার্যকর ক্যামেরা সিস্টেম দেয়া হয়েছে। সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬১৫ সেন্সরযুক্ত ক্যামেরা রয়েছে। ডিভাইসের পেছনে সনি এলওয়াইটি ৬০০ প্রাইমারি সেন্সরের ৫০ মেগাপিক্সেল এবং আইএমএক্স৩৫৫ সেন্সরের ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। ডিভাইসে ৫ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১২০ ওয়াটের সুপারভিওওসি চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এনএফসি, ওয়াই-ফাই সিক্সই, আইআর ব্লাস্টার ও ব্লুটুথ ভার্সন ৫.৩ রয়েছে। রিয়েলমি ইউআই ৫সহ এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৪ দেয়া হয়েছে। তবে এর দাম সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।










