চলতি মাসে এরই মধ্যে ভারতের বাজারে চারটি নতুন গ্যাজেট উন্মোচন করেছে বোট। যার মধ্যে রয়েছে এক্সটেন্ড প্লাস, আলটিমা কল স্মার্টওয়াচ, ইমমর্টাল ১৫০টিডব্লিউএস ইয়ারবাডস ও নিরভানা ৫২৫এএনসি নেক ব্যান্ড। সম্প্রতি ব্র্যান্ডটি বোট আলটিমা কানেক্ট স্মার্টওয়াচ নামে আরেকটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে। খবর গিজমোচায়না।

নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৮৩ ইঞ্চির এইচডি ও ২ দশমিক ৫ডি কার্ভড স্ক্রিন রয়েছে। ২৪০×২৮৪ পিক্সেলের দৃশ্যত আকর্ষণীয় এ ডিসপ্লের কারণে স্মার্টওয়াচটির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। এতে রয়েছে শতাধিক কাস্টমাইজ ওয়াচ ফেস অপশন।

নির্মাতাদের তথ্যানুযায়ী, ব্লুটুথ কলিং সাপোর্টসহ স্মার্টওয়াচটিতে একটি উচ্চমানের প্রি-বিল্ট মাইক্রোফোন ও একটি ডায়ালপ্যাড আছে, যা ব্যবহারকারীদের দ্রুত ও সহজে কল করার জন্য ১০টি কনট্যাক্ট নাম্বার সংরক্ষণের সুযোগ দেয়। স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রেও আলটিমা কানেক্ট ব্যাপক সহায়তা প্রদান করে। ব্যবহারকারীরা তাদের হার্ট রেট ট্র্যাক করা, এসপিও২-এর মাত্রা পরিমাপ ও সাত শতাধিক স্পোর্টস মোডের সুবিধা স্মার্টওয়াচটিতে পাবেন। এছাড়া এতে আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধক তো রয়েছেই। এমনকি চ্যালেঞ্জিং পরিবেশে এটি টিকে থাকতে পারে। ব্যাটারির স্থায়িত্ব চমকপ্রদ, এক চার্জে স্থায়ী হয় সাতদিন পর্যন্ত।

স্মার্টওয়াচটি ক্রেস্ট প্লাস অপারেটিং সিস্টেমের মাধ্যমে চালিত হয়, যা ব্যবহারকারীকে বিরামবিহীন ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করে। এতে রয়েছে ক্যামেরা নিয়ন্ত্রণ, মিউজিক নিয়ন্ত্রণ, আবহাওয়া আপডেট, অ্যালার্ম, কাউন্টডাউন টাইমার, স্টপওয়াচ, ডু নট ডিস্টার্ব মোড এবং হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করার ক্ষমতাসংক্রান্ত ফিচার।

অ্যাক্টিভ ব্ল্যাক, কুল গ্রে, চেরি ব্লোজম, ডিপ ব্লু ও ব্ল্যাক মেটাল মেশ (মেটালিক স্ট্র্যাপ) রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। বোটের অফিশিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে। স্মার্টওয়াচটির প্রাথমিক মূল্য নির্ধারিত হয়েছে ১ হাজার ৭৯৯ রুপি।