আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হলো কো-লোকেশন ডাটা সেন্টার সাইফার। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক আনুষ্ঠানিকভাবে এটি চালুর ঘোষণা দিয়েছে। ডাটা সেন্টারটি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত। সম্প্রতি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে সাইফার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।  আরো উপস্থিত ছিলেন রবির এমডি ও সিইও রাজীব শেঠি, এক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল, রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এক্সেনটেক পিএলসির এ সাইফার দেশের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

যশোরে ১৬ হাজার ৫০০ বর্গফুটের ভবনটিতে আছে পাওয়ার ব্যাকআপ, অ্যাডভান্সড কুলিং মেশিনারিসহ অত্যাধুনিক প্রযুক্তি। প্রতিকূল পরিস্থিতিতেও সাইফার কাজ করে যাওয়ার সক্ষমতা রাখে। 

প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে উদ্বোধন হলো দেশের প্রথম সার্টিফায়েড টিয়ার ফোর কমার্শিয়াল কো-লোকেশন ডাটা সেন্টার সাইফার। এক্সেনটেক ও রবির এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা গর্বের সঙ্গে বহির্বিশ্বকে বলতে পারি যে আমাদের দেশেও বিশ্বমানের ডাটা সেন্টার রয়েছে।’

এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে সাইফার একটি মাইলফলক। বড় পরিসরে ডাটা সেন্টারের অভিজ্ঞতাকে পুঁজি করে দেশের কারিগরি উৎকর্ষের জন্য স্মার্ট ডাটা ম্যানেজমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাইফার।’

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজীব শেঠি বলেন, ‘সাইফারের যাত্রা বাংলাদেশের স্মার্ট উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার একটি দারুণ পদক্ষেপ। রবি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ। সাইফারের যাত্রা রবির সেই প্রতিশ্রুতিকেই তুলে ধরে।’