বিশ্বব্যাপী ৬৫ শতাংশ কর্মী প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি নীতিমালা উপেক্ষা করছেন বলে জানিয়েছে সাইবারআর্ক সংস্থা। সাইবার নিরাপত্তাবিষয়ক কোম্পানিটি বলছে, এতে হাইব্রিড কাজের (যেখানে কর্মীরা অফিস ও বাড়ি থেকে কাজ করেন) পরিবেশে ডাটা সিকিউরিটি বজায় রাখা আরো কঠিন হয়ে পড়ছে। খবর টেকমনিটর।
এ জরিপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ১৪ হাজারেরও বেশি কর্মীর থেকে তথ্য নেয়া হয়েছে, বিশেষ করে যারা কাজের জন্য নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন।
প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানের ৮০ শতাংশ কর্মী ব্যক্তিগত ডিভাইস থেকে কর্মস্থলের অ্যাপ্লিকেশন অ্যাকসেস করেন। এসব ডিভাইসে প্রায়ই শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা থাকে না। জরিপের তথ্যানুযায়ী, ৪০ শতাংশ কর্মী গ্রাহকের তথ্য ডাউনলোড করার কথা স্বীকার করেছেন আর গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য পরিবর্তন করতে পারেন ৩৩ শতাংশ কর্মী।










