আলফাওয়েভ অধিগ্রহণে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোয়ালকমের সম্ভাব্য প্রস্তাবের জন্য আগামী ২৭ মে পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে যুক্তরাজ্যের টেকওভার প্যানেল। খবর রয়টার্স।
সোমবার (১২ মে) এক বিবৃতিতে ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ আইপি গ্রুপ এ তথ্য জানিয়েছে। এর আগে এ সময়সীমা ১২ মে পর্যন্ত নির্ধারিত ছিল।
আলফাওয়েভ বলেছে, তাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। উভয়পক্ষই সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে।
নতুন সময়সীমা ঘনিয়ে এলেও কোয়ালকম আলফাওয়েভের জন্য শেষ পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব দেবে কি না তা এখনো নিশ্চিত নয়। এ সিদ্ধান্ত নির্ভর করছে চলমান আলোচনা, কৌশলগত সুবিধা ও সম্ভাব্য নিয়ন্ত্রক জটিলতার ওপর।










