মহাকাশ খাতে নিজেদের সক্ষমতা দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিনিয়োগকারী। তার মতে, ইলোন মাস্কের স্পেসএক্সের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপের উচিত নিজেদের মহাকাশ শিল্পকে শক্তিশালী করা। এতে প্রতিরক্ষা প্রযুক্তিনির্ভর নতুন ব্যবসার ক্ষেত্রেও সুযোগ সৃষ্টি হবে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
ব্যাল্ডারটন ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার বার্নার্ড লিয়োতো বলেন, ‘ভবিষ্যতের সামরিক শক্তি নির্ভর করবে মহাকাশ প্রযুক্তির ওপর। খাতটি এখন কেবল গবেষণা বা বাণিজ্যিক প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং এটি ক্রমেই সামরিক শ্রেষ্ঠত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল। বিশেষ করে যেখানে স্পেসএক্স রকেট উৎক্ষেপণ ও কমিউনিকেশন স্যাটেলাইট বাজারের দখল নিয়েছে।’
তবে লিয়োতো বলেছেন, ‘স্টার্টআপগুলো যতই ড্রোন বা সামরিক সফটওয়্যার তৈরি করুক না কেন, এসব ইউরোপকে মহাকাশ প্রযুক্তিতে শক্তিশালী করতে যথেষ্ট নয়। ইউরোপকে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং মহাকাশভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে আরো বড় সক্ষমতা গড়ে তুলতে হবে।
ব্যাল্ডারটন ক্যাপিটাল ২৫ বছর আগে মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বেঞ্চমার্কের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে এটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে কাজ করা শুরু করে। ব্যাল্ডারটন ক্যাপিটাল এখন পর্যন্ত রেভলিউট, রোবোটিকস স্টার্টআপ ওয়েভ এবং মোবাইল গেমস নির্মাতা ড্রিম গেমসসহ ২৫০টির বেশি স্টার্টআপে বিনিয়োগ করেছে। সম্প্রতি ব্যাল্ডারটন ইউরোপীয় ‘সোভেরেন’ প্রকল্পে বেশি মনোনিবেশ করছে।










